ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে: আনসার মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ভোটকেন্দ্রে কোনো ধরনের আবেগ নয়, বরং পাহাড়ের মতো অটল থেকে সক্ষমতা ও শৃঙ্খলার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে আয়োজিত আসন্ন নির্বাচন ও গণভোট সামনে রেখে এক প্রস্তুতিমূলক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বগুড়া জেলার ১২টি উপজেলার ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য মনোনীত আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়।

মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, অনিয়েমের সঙ্গে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না। আমি চলে গেলেও কেউ এই স্বচ্ছ সিস্টেম পরিবর্তন করতে পারবে না। যারা দায়িত্ব পালনে সক্ষম নন, তাদের জন্য অন্য ব্যবস্থা করা হবে।

ভোটকেন্দ্রে পাহাড়ের মতো অটল থাকতে হবে: আনসার মহাপরিচালক

মহাপরিচালক জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদেশে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এবারই প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তির ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ এবং ডাটাবেজভিত্তিক নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে শারীরিকভাবে সক্ষম ও যোগ্য সদস্যদের যাচাই-বাছাই করে মোতায়েন করা হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে সদস্যদের আধুনিক সরঞ্জাম ও পোশাক-পরিচ্ছদ নিশ্চিত করা হয়েছে। উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

বগুড়ার ১২টি উপজেলার কয়েক হাজার সদস্যের উপস্থিতিতে এই সমাবেশে বাহিনীর ভাবমূর্তি রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এল.বি/কেএইচকে/এএসএম