ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড ও বিজিবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার ৪টি সংসদীয় আসনে মোট ৫২৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৩১টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। এসব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে সাধারণ কেন্দ্রের তুলনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৪টি আসনে এই ৫২৫টি কেন্দ্রে মোট ৩ হাজার ৬২২টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে। এরমধ্যে ভোলা-১ (সদর) আসনের কেন্দ্র রয়েছে ১১৪টি, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের ১৩৮টি, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের ১১৯টি ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে মোট ১৫৪টি কেন্দ্র রয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, এসব কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ভোলা-৩ আসনে (৫০টি), যার মধ্যে তজুমদ্দিন উপজেলায় ৩৬টি এবং লালমোহনে ১৪টি। এছাড়া ভোলা-২ আসনের ৩২টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে দৌলতখানেই ২৫টি। ভোলা-৪ আসনে চরফ্যাশনে ১৬টি ও মনপুরায় ১১টি এবং ভোলা-১ (সদর) আসনে ২২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। এছাড়াও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে।
জুয়েল সাহা বিকাশ/কেএইচকে/এমএস