ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নির্বাচন ও গণভোট

কুমিল্লাসহ ৬ জেলায় সেনাবাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সেনাবাহিনী।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে নবনির্মিত শিশু হাসপাতালের অস্থায়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশন এর কর্নেল কে এম মেহেদী হাসান।

তিনি বলেন, অসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদক নির্মূলে অভিযান পরিচালনা করে আসছে। নির্বাচনকে কেন্দ্র করে এসব কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

কর্নেল কে এম মেহেদী হাসান বলেন, ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনীর বিভিন্ন স্থানে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে ১০ ফেব্রুয়ারি কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিশেষ মহড়া পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে ভোটাররা যেন ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদানের আহ্বান জানান।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে সেগুলোকে বিশেষভাবে সাজানো হয়েছে। ফলে ঝুঁকি কমে আসবে। প্রতিটি ভোটকেন্দ্রের আশপাশে সেনাবাহিনীর মোবাইল টিম টহলে থাকবে।

সংখ্যালঘু অধ্যুষিত এলাকার নিরাপত্তা বিষয়ে আরেক প্রশ্নের উত্তরে তিনি জানান, এসব এলাকা চিহ্নিত করে একটি নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত সমন্বয় ও যোগাযোগ রাখা হচ্ছে, যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়।

কর্নেল কে এম মেহেদী হাসান বলেন, নির্বাচনকালীন সময়ে কেউ যেন ভোট প্রদানে বাধা সৃষ্টি বা নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, সেটি সেনাবাহিনীর মূল লক্ষ্য। এ লক্ষ্যে সামরিক ও অসামরিক প্রশাসনের সমন্বিত কার্যক্রম চলমান রয়েছে।

সাধারণ জনগণসহ দলমত নির্বিশেষে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং বলেন, একটি নিরাপদ ও উৎসবমুখর নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সব ইউনিট মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম