ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্র প্রার্থীদের দাপটে জমেছে ভোটের মাঠ
মো. সাব্বির আহমেদ ও এম মঈন আলম ফিরোজী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে প্রচারণায় সময়ে পার করছেন প্রার্থীরা।বিএনপি ও জামায়াতের দলীয় প্রার্থীদের পাশাপাশি দুইজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষ করে জনপ্রিয় কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর সক্রিয় প্রচারণায় জমে উঠেছে এই আসনের ভোটের মাঠ।
নির্বাচনি মাঠে থাকা একাধিক স্বতন্ত্র প্রার্থী দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে ব্যারিস্টার মঈন আলম ফিরোজী হাস মার্কা নিয়ে এবং অবসরপ্রাপ্ত মেজর মো. সাব্বির আহমদ মোরগ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী শাহাদাৎ হোসেন এবং জনতার দলের কলম মার্কার প্রার্থী জসিম উদ্দিন তালুকদারও ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
প্রার্থীরা প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত রাজাপুর ও কাঁঠালিয়ার বিভিন্ন গ্রাম ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তারা এলাকার সার্বিক সমস্যা, জনদুর্ভোগ ও নাগরিক প্রত্যাশার কথা শুনছেন এবং নিজ নিজ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন। পাশাপাশি ভোটারদের মাঝে লিফলেট বিতরণসহ প্রচারণা চালাচ্ছেন।
স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন আলম ফিরোজী বলেন, সাধারণ মানুষের ভালোবাসা আমাকে আশাবাদী করেছে। নির্বাচিত হলে নদীভাঙনসহ রাজাপুর ও কাঁঠালিয়ার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর ও টেকসই উদ্যোগ নেব।
তিনি জানান, এই এলাকার নদীভাঙন উন্নয়নের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে মোরগ মার্কার স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর মো. সাব্বির আহমদ বলেন, আমি পরিবর্তনের রাজনীতির কথা বলছি। তরুণ ভোটারদের মধ্যে ভালো সাড়া পাচ্ছি। হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং বিজয়ের ব্যাপারে আশাবাদী।
জনতার দলের কলম মার্কার প্রার্থী জসিম উদ্দিন তালুকদার জানান, তিনি এই আসনে সবচেয়ে প্রবীণ ও অভিজ্ঞ প্রার্থী। এর আগেও একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। রাজাপুর-কাঁঠালিয়ার মানুষ ভালো ও সৎ নেতৃত্ব চায়, আমি ব্যাপক সাড়া পাচ্ছি।
গণঅধিকার পরিষদের তরুণ প্রার্থী শাহাদাৎ হোসেন বলেন, ট্রাক মার্কা সব শ্রেণি-পেশার মানুষের পছন্দের প্রতীক। জনগণের সমর্থন নিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি বিজয়ী হওয়ার প্রত্যাশা করছি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঝালকাঠি-১ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমান।
ওই আসনের ভোটার হাসিবুল বলেন, আমি নতুন ভোটার। সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাই।
ভ্যানচালক রফিক জানান, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও ভালো মানুষ আছে। মানুষ যদি পরিবর্তন চায়, তাদের মধ্য থেকেই নেতা বেছে নিতে পারে।
প্রথমবার ভোট দিতে যাওয়া নারী ভোটার মিম আক্তার বলেন, আমি চাই সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হোক এবং রাজাপুর-কাঁঠালিয়া একজন ভালো নেতৃত্ব পাক। সব মিলিয়ে ঝালকাঠি-১ আসনে এবারের নির্বাচনকে ঘিরে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা ভোটের মাঠকে উত্তেজনাপূর্ণ করেছে বেশ।
মো. আমিন হোসেন/এনএইচআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাভারে বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আটক
- ২ নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ডুবলো ইটবোঝাই বাল্কহেড
- ৩ ঝালকাঠি-২ আসনে ধানের শীষে ভোট দেবেন জাতীয় পার্টির নেতাকর্মীরা
- ৪ দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ: ফখরুল
- ৫ গর্ভবতীসহ নারীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ