ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুর-৪

গভীর রাতে আগ্নেয়াস্ত্রসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকির অভিযোগ

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:৩৭ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুর-৪ আসনে গভীর রাতে ডিবি পুলিশ পরিচয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হানা দিয়ে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারণাকালে বিভিন্ন স্থানে নারী কর্মীদের হেনস্তারও অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনা সিসিটিভি ক্যামেরার ফুটেজেও ধরা পড়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এসব অভিযোগ করেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) এএএম মুজাহিদ বেগ।

জানা যায়, রোববার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পুটিয়া গ্রামে আব্দুস সামাদ মাতুব্বরের বাড়িতে ডিবি পরিচয়ে হানা দেয় দুর্বৃত্তরা।

ওই বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, রাত ২টা ১৮ মিনিটের দিকে একটি প্রাইভেটকার ও দুটি মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা আসেন। এ সময় ১০ জনের মতো লোক বাড়ির ভেতরে প্রবেশ করে দরজায় শব্দ করতে থাকেন। এসময় দুইজনের কাঁধে ঝুলানো অবস্থায় শর্টগান (আগ্নেয়াস্ত্র) দেখা যায়। এছাড়া বলতে শোনা যায়, এই বাবুল (সামাদ মাতুব্বরের ছেলে) দরজা খোল, আমরা থানা থেকে আসছি। প্রায় ১০ মিনিট অবস্থান করে পরে ২টা ২৮ মিনিটের দিকে দুর্বৃত্তরা চলে যায়।

এ বিষয়ে বাবুল মাতুব্বর বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ ভাইকে ভালোবেসে তার নির্বাচন করছি কিন্তু প্রতিনিয়ত দুর্বৃত্তরা আমাকে হুমকি দিচ্ছে। রবিবার দিনগত রাত আড়াইটার দিকে তিনটি গাড়িতে করে অনেক লোক আসে, তারা আমাকে ডাকতে থাকে এবং থানা থেকে এসেছি বলে জানায়। তখন আমি ও আমার পরিবার আতঙ্কিত হয়ে পড়ি। তারা দরজার বাইরে থেকে আমাকে বলে, তুই ফুটবলের সাথে থাকলে গুলি করে মেরে ফেলব। এর আগে আরও দুইদিন রাতে আমার বাড়িতে হানা দেয়া হয়।

এদিকে সোমবার বিকেলে চরভদ্রাসন উপজেলার দুটি এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নারী কর্মীদের হেনস্তার অভিযোগ তুলে মাকসুদা বেগম নামে এক নারী সমর্থক আসনটির নির্বাচন ও বিচারিক কমিটির কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, মুজাহিদ বেগের কর্মী হিসেবে লিফলেট নিয়ে চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর বেলতলা এলাকায় প্রচারণাকালে স্থানীয় কৃষকদল নেতা কামরুল হাসান ফিরোজের নেতৃত্বে হেনস্তা করা হয়।

এছাড়া বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের স্বাধীনতা চত্ত্বরে চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে ১২ জন নারী সমর্থককে আটকে রাখা হয়। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদ আল ফারুকের নেতৃত্বে ১০-১২ জন যুবক নারীদের মোবাইল চোর আখ্যা দিয়ে হেনস্তা করেন। ঘটনাটি হাসপাতালের সিসি ক্যামেরাতেও দেখা যায়।

এ বিষয়ে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ বলেন, আমার নেতাকর্মী ও সমর্থকদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, প্রচার-প্রচারণায় বাঁধা দিচ্ছেন বিএনপির লোকজন। এমনকি রাতের বেলা ডিবি পরিচয়ে বিভিন্ন লোকের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে, তুলে নিয়ে মারধরও করা হচ্ছে। আমার নারী কর্মীরা কোথাও ভোট চাইতে গেলে হেনস্তা করা হচ্ছে। বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের কাছে প্রমাণসহ একাধিক অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। নির্বাচনী পরিবেশ নিয়ে আমি শঙ্কিত ও আতঙ্কিত।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে রাতে থানা থেকে কোনো পুলিশ সদস্য ওই গ্রামে যায়নি। এ ঘটনায় থানায় কেউ অভিযোগও দেননি।

বিষয়টি নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন বলেন, এসব ঘটনাটি সম্পর্কে আমি অবগত নেই। এ বিষয়ে কেউ মৌখিক বা লিখিত কোনো অভিযোগ দেননি।

এন কে বি নয়ন/এমএন/এমএস