ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় গভীর রাতে ৪ ভোটকেন্দ্রে আগুন

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৪:২২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নেত্রকোনা সদর উপজেলার চারটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভোটকেন্দ্রের কিছু বেঞ্চ পুড়ে গেলেও স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে প্রথম অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রথমে পৌর শহরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা দ্রুত টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর সদর উপজেলার লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় দরিজাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এসব ঘটনায় তেমন কোনো ক্ষয় ক্ষতি হয়নি।

খবর পেয়ে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। ক্ষতিগ্রস্ত ভোট কেন্দ্রের কয়েকটি বেঞ্চ পুড়ে গেলেও বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার স্থল পরিদর্শন করে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা চেষ্টা চলছে।

এইচ এম কামাল/কেএইচকে/জেআইএম