ফাঁকা গাজীপুরের দুই মহাসড়ক, বাসে যাত্রী সংকট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ঠিক আগের দিন বদলে গেছে গাজীপুরের মহাসড়কের চিরচেনা রূপ। গত দুই দিনের উপচে পড়া ভিড় আর নজিরবিহীন যানজটের পর বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অনেকটা যানবাহনশূন্য ও শান্ত দেখা গেছে।
গাজীপুর চান্দনা, চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড় এলাকা ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাসগুলো যাত্রী সংকটে বাস স্টপেজগুলোতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে। গত সোমবার ও মঙ্গলবার যেখানে উত্তরবঙ্গ ও ময়মনসিংহগামী যাত্রীদের ঢল ছিল এবং ৫০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল, আজ সেখানে চিত্র সম্পূর্ণ উল্টো।
বাসের চালক ও সহকারীরা জানান, যারা ভোট দিতে বাড়ি যাওয়ার তারা মঙ্গলবার রাতের মধ্যেই চলে গেছেন, ফলে এখন বাসে অর্ধেকের বেশি আসন খালি থাকছে।
চন্দনা চৌরাস্তায় সৌখিন পরিবহনের চালক আবুল হোসেন জাগো নিউজকে বলেন, মহাখালী থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছি। বাসে অর্ধেক যাত্রীও নেই। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত প্রায় সব যাত্রী গ্রামের বাড়ি চলে গেছেন। যারা নানা কারণে যেতে পারেননি, তারা আজ যাচ্ছেন।

ভোগড়া বাইপাস পেয়ারাবাগান এলাকায় রংপুরগামী বাসের সহকারী বাচ্চু মিয়া বলেন, মঙ্গলবার সকালের দিকে যাত্রী নিয়ে রংপুর গিয়েছিলাম। আজ আবার ফিরে এসে বাসের সিরিয়াল দিয়েছি। কিন্তু আসার সময় যাত্রী ছিল খুবই কম। আজ রংপুর যাওয়ার পথেও যাত্রী সংখ্যা কম মনে হচ্ছে।
কুড়িগ্রাম গামী যাত্রী পোশাক শ্রমিক আলেয়া আক্তার বলেন, বাড়িতে যাওয়ার ইচ্ছে ছিল না। আমি যেই বাড়িতে ভাড়া থাকি প্রায় সব ভাড়াটিয়ায় চলে গেছে। তাই আমি একা থেকে কী করব আমিও চলে যাচ্ছি।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, গতকালের তুলনায় সড়কে যানবাহনের সংখ্যা ও যাত্রী কম। মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারছে।
মো. আমিনুল ইসলাম/কেএইচকে/এএসএম