ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এ উৎসব ধরে রাখতে প্রশাসনের সহযোগিতা চাই: মঞ্জু

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৯:১৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ আসনের ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটরে এ উৎসব ধরে রাখতে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাই। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের সরিষাদি বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করে তিনি এ কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, উৎসব মুখর এ ভোট রূপান্তরিত বাংলাদেশের পক্ষেই হবে। ঈগল প্রতীক হচ্ছে জুলাই অভ্যুত্থানের প্রতীক। ইনসাফের প্রতীক। নতুন বাংলাদেশের প্রতীক।

তিনি আরও বলেন, নতুন একজন প্রার্থী হিসেবে ফেনী সদর উপজেলায় আমি যে পরিমাণ ভালবাসা পেয়েছি সেই আলোকে বিপুল ভোটে ফেনী-২ আসনে ঈগল প্রতীকের বিজয় হবে বলে আমি বিশ্বাস করি।

জানা গেছে, ফেনী সদর উপজেলার ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়ন নিয়ে ফেনী-২ আসন গঠিত। এখানে মোট ৪ লাখ ৩৭ হাজার ভোটার রয়েছে। তন্মধ্যে ২ লাখ ২৫ হাজার পুরুষ, ২ লাখ ১১ হাজার নারী ও ৩ জন হিজড়া ভোটার রয়েছেন। ১৪৬টি ভোট কেন্দ্রে নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে।

জেলা রিটার্নিং অফিসের তথ্যমতে, ফেনীর ৩টি আসনে সংসদ সদস্য পদে ১৭ দলের ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৪২৮টি কেন্দ্রের মধ্যে ১২৫টি কেন্দ্রকে সাধারণ, ২৪৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ, ৫৩ টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু, সুন্দর পরিবেশে সাধারণ মানুষের ভোট প্রয়োগে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নজরদারি বাড়ানোর পাশাপাশি রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা। নির্বাচনকে কেন্দ্র করে ১৮ প্লাটুন বিজিবি, ৯ প্লাটুন সেনাবাহিনী, পুলিশের ৫৪ টি মোবাইল টিম, পুলিশের ৫টি স্ট্রাইকিং ফোর্স, র‍্যাবের ৬টি স্ট্রাইকিং ফোর্স, আনসার ১২ প্লাটুন মোতায়েন আছে। এছাড়াও মাঠে দায়িত্ব পালন করছে ১৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক জানান, ফেনীর ৩টি সংসদীয় আসনের ৪২৮ ভোট কেন্দ্রে ভোট দেবেন ১৩ লাখ ৩০ হাজারের বেশি ভোটার। ফেনীতে পোস্টাল ভোটার রেজিস্ট্রেশন করেছে ৪০ হাজার ৮ জন। আজ সকাল আটটা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর/এএসএম