গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে জীবনের প্রথম ভোট দিলেন ভিপি নুর
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ এর দিকে জীবনের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন নুরুল হক নূর/ প্রতিনিধির পাঠানো ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালির গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জীবনের প্রথম ভোট দিলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ এর দিকে তিনি কেন্দ্রে এসে ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি কেন্দ্রের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
নুরুল হক নূর বলেন, ৩৩ বছর বয়সে জীবনের প্রথম জাতীয় নির্বাচনের ভোট দিলাম ও আমি নিজেই প্রার্থী। আজ জীবনের প্রথম ভোট দিতে পেরে ভালো লাগছে। দীর্ঘদিন পর দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, এটাই বড় অর্জন। আশা করছি, দিনশেষে জনগণের রায়ই প্রতিফলিত হবে।
এদিকে, পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে একযোগে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
পটুয়াখালী জেলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৬১ হাজার ৯৮৬ জন, নারী ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৫৮৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন।
জেলায় স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ৫১৩টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ২ হাজার ৮৯০টি ও অস্থায়ী ভোটকেন্দ্র ২৪৬টি। মোট ভোটকক্ষের সংখ্যা ৩ হাজার ১৩৬টি। জেলার ৮টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৭৭টি ইউনিয়নে একযোগে ভোটগ্রহণ চলছে।
মাহমুদ হাসান রায়হান/এসএএইচ/এএসএম