দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় নারী আনসার সদস্য প্রত্যাহার
ছবি: জাগো নিউজ
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ভোটকেন্দ্রে দায়িত্বরত এক নারী আনসার সদস্যের বিরুদ্ধে লাইনে দাঁড়ানো ভোটারদের কাছে নির্দিষ্ট প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পরপরই তাকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালের দিকে গাইবান্ধা-৩ আসনের পলাশবাড়ী এ.এ.এস.বি.পি মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই নারী সদস্যের নাম শরিফা বেগম। তিনি পলাশবাড়ী উপজেলা আনসার ভিডিপির সদস্য বলে জানা গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আরিফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই নারী আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তবে এ ঘটনায় ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি বলেও তিনি দাবি করেন।
কেন্দ্রে থাকা স্থানীয় বিএনপির নেতাদের অভিযোগ, ভোট কেন্দ্রে লাইনে দাঁড়ানো ভোটারদের উদ্দেশ্যে ওই আনসার সদস্য প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিষয়টি নজরে এলে বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত আনসার সদস্য দ্রুত কেন্দ্রের একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে আত্মগোপন করেন।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটার ছাড়া অন্যান্যদের কেন্দ্র থেকে বের করে দেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং এখন পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
আনোয়ার আল শামীম/ এসএকেওয়াই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আজ নিজেকে বড় মনে হচ্ছে: প্রথম ভোট দিয়ে তরুণী
- ২ জাল ভোট দেওয়ার চেষ্টা, সিরাজগঞ্জে যুবককে দুই বছরের কারাদণ্ড
- ৩ ‘তুই মালায়ন মানুষ, ধানের শীষে ভোট দিবি ক্যান’ বলে মারধরের অভিযোগ
- ৪ ঝালকাঠির দুই আসনে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬.৬৫ শতাংশ
- ৫ গণনার আগেই রেজাল্ট শিটে কর্মকর্তার স্বাক্ষর, কিছুই করার নেই ইউএনওর