ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে নারী ভোটারদের দীর্ঘ লাইন

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

কুড়িগ্রামের ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। ভোটাররা বলছেন, একসঙ্গে এত মানুষের ভোটকেন্দ্রে উপস্থিতি আগে তারা দেখেননি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়া‌রি) সকাল ১০টার দিকে উলিপুর উপজেলার পাঁচপীর ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী ভোটারদের দীর্ঘ সারি। কেন্দ্রের ভেতর ও বাইরে ছিল উৎসবমুখর পরিবেশ।

ছড়ার পাড় এলাকা থেকে ভোট দিতে আসা ৭৪ বছর বয়সী মমেনা বেওয়া বলেন, ‘পাকিস্তান সরকারের সময় বিয়ে হয়ে প্রথম ভোট দিছিলাম। এরপর ম্যালা ভোট দিছি। কিন্তুক এতো মানুষ একসাথে ভোট দিতে আসা দেহি নাই। ম্যালা মানুষ। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছি।’

সকাল থেকে জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি। দুর্গাপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসা আকলিমা বেগম বলেন, ‘সকালে রান্না করি স্বামী-ছাওয়াক ভাত রান্না করে দিয়ে আসছি। স্বামী ভাত খায়া জমিতে ধান লাগাতে গেছে। হামরা ভোট দিবের আসছি। স্বামী দুপুরে কাজ কাম শেষ করে দুপুরের পর এসে ভোট দিবে।’

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম জেলার ৭০৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জেলায় সংসদীয় আসন রয়েছে চারটি। মোট ভোটার ১৮ লাখ ৯৯ হাজার ৯৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৪৫ হাজার ৭১৪ জন, নারী ভোটার ৯ লাখ ৫৪ হাজার ২০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৪ জন।

রোকনুজ্জামান মানু/এসআর/এমএন