মিরসরাইয়ে দুপুর ২টা পর্যন্ত ৪৫ শতাংশ ভোট পড়েছে
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর ২টার মধ্যে ৪৫ শতাংশের বেশি ভোট পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার।
তিনি জানান, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিকেল ২টা পর্যন্ত ৪৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
ভোট কেন্দ্রগুলোতে ঘুরে দেখা গেছে, প্রতিটি দলের নেতাকর্মীরা দায়িত্বশীল আচরণ করছেন। তাদের সহাবস্থান ছিলো সহনশীল। ভোটারদের মধ্যে ভয় আতঙ্ক সংশয় দেখা যায়নি। তাদের সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। এই উপজেলায় আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে কথিত সংখ্যালঘু হিন্দুদেরও ব্যাপক উপস্থিতি দেখা গেছে। কোনো ধরনের উত্তেজনা, দাঙ্গা হাঙ্গামা ছাড়া ভোট কার্যক্রম একটানা চলছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রমতে, মিরসরাইয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৮৫৯ জন, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮১১ জন, তৃতীয় লিঙ্গ ভোটার ৪ জন। পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশন করেছেন ৬ হাজার ৫৭২। পোস্টাল ছাড়া ভোটার হলো ৩ লাখ ৮০ হাজার ১০২টি ভোট। মোট ভোট কেন্দ্র ১০৬টি, মোট বুথের সংখ্যা ৭১৮। ১০৬টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের করা হয়েছে। মিরসরাই থানায় ৪৯টি কেন্দ্রের মধ্যে ২১টি অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ), জোরারগঞ্জ থানার ৫৭টি কেন্দ্রের মধ্যে ২৮টি অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। দুইটি থানা মিলিয়ে ১০৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৮টি ঝুঁকিপূর্ণ। এ আসনে এবার ১৮ বছর থেকে ৩৩ বছর বয়সের ভোটার রয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৭২ জন।
জানা গেছে, এ আসনে প্রার্থী রয়েছে ৭ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেজাউল করিম, জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আসম আঃ রব) মনোনীত প্রার্থী একেএম আবু ইউসুফ।
এম মাঈন উদ্দিন/এমএন