লাইনে দাঁড়ানো ভোটার অচেতন হয়ে পড়ে গেলেন, হাসপাতালে নিতে মৃত ঘোষণা
ভোটার মনু মিয়া/ছবি: সংগৃহীত
চট্টগ্রামে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা এক ভোটার হঠাৎ অচেতন হয়ে পড়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে চট্টগ্রাম-৯ আসনের কাজীর দেউড়ি পেয়ার মোহাম্মদ সরকারি বালক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ভোটারের নাম মনু মিয়া (৫৫)। তিনি কাজীর দেউড়ি এলাকার একটি দোকানের নিরাপত্তা প্রহরী ছিলেন। তিনি ব্যাটারি গলির পাশে মধুবন গলিতে ভাড়া বাসায় দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে বসবাস করতেন।
মনু মিয়ার সঙ্গে লাইনে দাঁড়িয়ে থাকা আরেক ভোটার শফিক হোসেন জাগো নিউজকে বলেন, ‘মনু মিয়ার সিরিয়াল নম্বর ছিল ২৩। তিনি একই লাইনে আমার পেছনে দাঁড়িয়ে ছিলেন। দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে পড়ে জ্ঞান হারান তিনি।’
খবর পেয়ে স্বজনরা মনু মিয়াকে উদ্ধার করে মেহেদীবাগের ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন
তার ছেলে মো. শাকিল বলেন, ‘বাবা সকালে ভোট দিতে বের হয়েছিলেন। ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। কাজীর দেউড়ি ১ নম্বর গলি কবরস্থানে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে দাফন করা হয়েছে।’
এনডিআইএইচ/একিউএফ/এমএন