ময়মনসিংহ-১১
স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের ছেলেকে অপহরণ করে হত্যার হুমকির অভিযোগ
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ভোটগ্রহণ চলাকালে এক স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের ছেলেকে অপহরণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্র থেকে তাকে সরিয়ে দিতেই অপহরণকারীরা এই ঘটনা ঘটিয়ে বলে দাবি ওই এজেন্টের।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের মধ্যরাজৈ এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী এজেন্ট কনক মধ্যরাজই বালিকা সরকারি উচ্চ-বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পক্ষে এজেন্টের দায়িত্ব পালন করছিলেন।
ভুক্তভোগী এজেন্ট কনক বলেন, আমি কেন্দ্রে এজেন্টের দায়িত্ব পালন করছিলাম। ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর সমর্থকদের অনিয়মের প্রতিবাদ করি। এর কিছুক্ষণ পরই হঠাৎ আমার ছেলের ফোন নম্বর থেকে একটি কল আসে। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে অপহরণকারীরা হুমকি দিয়ে বলে, ‘আমি যেন অবিলম্বে কেন্দ্র ছেড়ে চলে যাই। যদি কেন্দ্র না ছাড়ি, তবে আমার ছেলেকে মেরে ফেলা হবে। সন্তানের জীবনের ভয়ে আমি দ্রুত কেন্দ্র থেকে বের হয়ে আসি। এখন ছেলের নম্বরে বারবার ফোন দিলেও কেউ রিসিভ করছে না।
এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে খোঁজখবর নিচ্ছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কামরুজ্জামান মিন্টু/কেএইচকে/এমএন