কুমিল্লা-৬
১৮ কেন্দ্রে পুনর্নির্বাচনের আবেদন জামায়াত প্রার্থীর
কুমিল্লা-৬ আসনে একাধিক কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে ১৮ কেন্দ্রে পুনর্নির্বাচনের আবেদন করেছেন জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের কাছে এ আবেদন করা হয়।
অভিযোগে তিনি উল্লেখ করেন, নির্বাচনি এলাকার আলেকজান মেমোরিয়াল হাই স্কুল (কেন্দ্র নং-১৯), শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৬), চম্পকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৮), চম্পকনগর মদিনাতুল উলুম মাদরাসা (২৯), বামইল স্কুল অ্যান্ড কলেজ (৫৩), বাখরাবাদ গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয় (৬৯), ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় (৯৬), কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় (১১৮), তেলিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় (১২২ ও ১২৩), হাউজিং স্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজ (১২৬ ও ১২৭), চৌয়ারা মাদরাসা (১২৮), চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় (১২৯), তারাপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩২), বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৬), শুভপুর মনোয়ারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (১৫৯) ও বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৬১) কেন্দ্রে বিভিন্ন অনিয়ম দেখা গেছে।
অভিযোগে আরও বলা হয়, বারবার প্রতিকারের চেষ্টা করেও কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি। তাই উল্লিখিত কেন্দ্রগুলোর ভোট স্থগিতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএন