ময়মনসিংহ
ধানের শীষ-স্বতন্ত্রপ্রার্থীর কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
ময়মনসিংহ-১১ আসনের ধানের শীষ ও স্বতন্ত্রপ্রার্থীর নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেন্দ্রে দায়িত্বরত আহাম্মদ নামে এক গ্রাম পুলিশ আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আশরাফুল উলুম রাহমানিয়া মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্বতন্ত্রপ্রার্থী মোর্শেদ আলমের এক কর্মী ভোট কক্ষের সামনে ঘোরাফেরা করছিল। এসময় ধানের শীষের প্রার্থী ফখরুদ্দিন বাচ্চুর এক এজেন্ট ভোট কক্ষের ভিতর থেকে তার সঙ্গে তর্কে জড়ায়। বিষয়টি বাইরে জানাজানি হলে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে বিজিবি-সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় কেন্দ্রে দায়িত্বরত গ্রাম পুলিশ আহম্মদের মাথায় রড দিয়ে কে বা কারা আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়ে জ্ঞান হারান। পরে সেনাবাহিনীর সঙ্গে থাকা চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আহম্মদের জ্ঞান ফিরান।
আশরাফুল উলুম রাহমানিয়া মাদরাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা অমর বিশ্বাস বলেন, ভোট কেন্দ্রে উকি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এক গ্রাম পুলিশ আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, এ আসনে বড় ধরনের কোনো সংঘর্ষ কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ওই কেন্দ্রে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে বিজিবি-সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন ভোট গণনার কাজ চলছে।
কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এমএন