ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চট্টগ্রাম-১

ইউপি সদস্য থেকে সংসদে বিএনপির নুরুল আমিন

জেলা প্রতিনিধি | চট্টগ্রাম | প্রকাশিত: ০২:৪৯ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী নুরুল আমিন। ইউনিয়ন পরিষদের সদস্য থেকে সংসদ সদস্য হলেন তিনি। ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ধানের শীষের প্রতীকে নুরুল আমিন পেয়েছেন এক লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান পেয়েছেন ৮১ হাজার ২২৭ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী পেয়েছেন দুই হাজার ৬৪ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে মিরসরাই আসনে নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। মোট তিন লাখ ৮০ হাজার ১০২ ভোটের মধ্যে এক লাখ ৮৬ হাজার ২৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শতকরা ৪৯ শতাংশ ভোট পড়েছে।

জানা গেছে, নুরুল আমিন ইউনিয়ন পরিষদের সদস্য থেকে জাতীয় সংসদ সদস্য পদে লড়েছেন। নুরুল আমিন উপজেলার ওচমানপুর ইউনিয়নের পাতাকোট গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম মাওলানা আবুল খায়ের। তিনি পটিয়া আল জামেয়াতুল ইসলামীয়া মাদরাসা থেকে কামিল পাস করেন। এরপর এলাকায় বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে যান। ১৯৯৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ওচমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য ছিলেন। ২০০৮ সালে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন ও একই বছরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০১৮ সালে উত্তর জেলা বিএনপির সদস্য, বর্তমানে যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্যের দায়িত্বে রয়েছেন। ১৯৯৮ সালে ওচমানপুর ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০১৪ সালে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করেছেন।

বিজয়ী প্রার্থী নুরুল আমিন বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপি নেতা-কর্মীসহ মিরসরাইয়ের সর্বস্তরের জনসাধারণকে।

এমএমডি/এমআইএইচ