ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীর ছয় আসনে ৪টিতে বিএনপি, ২টিতে জামায়াত জয়ী

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৭:৫৬ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং দুটিতে জামায়াতে ইসলামী জয় পেয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার এ ফল ঘোষণা করেন।

রাজশাহী-১ আসনে মোট ১৫৯টি কেন্দ্রের ফলাফলে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরিফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট।

রাজশাহী-২ আসনে ১১৫টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট।

রাজশাহী-৩ আসনে ১৩১টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী শফিকুল হক মিলন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়ে জয়লাভ করেন। জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।

রাজশাহী-৪ আসনে ১২২টি কেন্দ্রের ফলাফলে জামায়াতের আব্দুল বারী সরদার ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট।

রাজশাহী-৫ আসনে ১৩২টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াত প্রার্থী মনজুর রহমান পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট।

রাজশাহী-৬ আসনে ১১৯টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী আবু সাঈদ চাঁদ ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াত প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।

জেলা প্রশাসন জানিয়েছে, সবগুলো আসনে ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণ পরিবেশে ফল ঘোষণা সম্পন্ন হয়েছে।

সাখাওয়াত হোসেন/এমকেআর