ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বোয়ালখালীতে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর জয়

নিজস্ব প্রতিবেদক | নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে জয়লাভ করেছেন এরশাদ উল্লাহ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতের গণনা শেষে সংশ্লিষ্ট আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনের পর প্রাথমিকভাবে প্রাপ্ত ৮২টি ভোটকেন্দ্রের ফলাফলে দেখা যায়, এরশাদ উল্লাহ মোট ৭২ হাজার ৫৩০ ভোট পেয়েছেন। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই তার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকেরা আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. আবু নাছের পেয়েছেন ১৭ হাজার ২৮৬ ভোট। ভোটের ব্যবধান বড় হওয়ায় শুরু থেকেই এ আসনে বিএনপি প্রার্থীর এগিয়ে থাকার প্রবণতা স্পষ্ট ছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এ আসনে মোট ১ লাখ ১৭ হাজার ৪৩৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এমআরএএইচ/জেএস