ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র সমর্থকদের সংঘর্ষ, আহত যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০২:১৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

 

বাগেরহাটের কচুয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ওসমান সরদার (২৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান সরদারসহ উভয় পক্ষের ১০জন আহত হয়।

নিহত ওসমান সরদার বাগেরহাট সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে।

নিহতের বড় ভাই এনামুল কবির সরদার বলেন, ওই এলাকায় ধানের শীষের লোকজনের সঙ্গে আমার ভাইসহ কয়েকজনের কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে রামদা দিয়ে আমার ভাইয়ের মাথায় আঘাত করে ধানের শীষের সমর্থকরা। পরে গুরুত্বর অবস্থায় বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসকরা খুলনায় পাঠান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ওসমান মারা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান। তিনি বলেন, ওসমান সরদারের মৃত্যু হয়েছে। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন শেখ মোহাম্মদ জাকির হোসেন। একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। এই দুই প্রার্থীকেই বড় ব্যবধানে হারিয়ে আসনটাতে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ।


নাহিদ ফরাজী/কেএইচকে