পিরোজপুরে বিএনপির দুই নেতার ওপর দুর্বৃত্তদের হামলা
পিরোজপুর সদরে বিএনপির দুই নেতার ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে মহিউদ্দিন মল্লিক নাসির ও রিয়াজ উদ্দিন মল্লিক নিপু নামে ওই দুই নেতা গুরুতর জখম হন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সদর উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার মহিউদ্দিন মল্লিক নাসির পিরোজপুর-১ আসনে বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। তিনি সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের শংকরপাশা গ্রামের মৃত মোজাহার মল্লিকের ছেলে
রিয়াজ উদ্দিন মল্লিক নিপু সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও একই এলাকার শাহজাহান মল্লিক ছেলে। দুজনকেই প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের ভাষ্য অনুযায়ী, রোববার রাত ১১টার দিকে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে এসে একদল অপরিচিত হামলাকারী অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দুজনেরই শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় প্রেরণ করা হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব পাইক জানান, আহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
মো. তরিকুল ইসলাম/এমএন/এমএস