ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোট দিতে গিয়ে গ্রেফতার প্রবাসী বিএনপি নেতার মুক্তি

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোট দিতে দেশে এসেছিলেন হবিগঞ্জের নবীগঞ্জের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা গোলাম রসুল রাসেল। কিন্তু ভোটকক্ষে আলোর স্বল্পতা নিয়ে কথা বলায় তাকে গ্রেফতার করা হয়। দেওয়া হয় সাজাও। অভিযোগ করা হয় তিনি ব্যালট ছিঁড়ে ফেলেছেন। অবশেষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তিনি জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ বলেন, নির্বাচনের দিন ভোটকক্ষে গিয়ে আলোর স্বল্পতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। একপর্যায়ে তার বিরুদ্ধে ব্যালট ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেন দায়িত্বরতরা। এটি সম্পূর্ণ মিথ্যা। পরে প্রশাসন তাকে ৫ দিনের কারাদণ্ড দেন।

তিনি আরও বলেন, একটি মিথ্যা অভিযোগে একজন প্রবাসী নেতাকে সাজা দেওয়া অত্যন্ত দুঃখজনক। সাজা শেষে তিনি আজ কারাগার থেকে মুক্তি পান। এমন মিথ্যা ট্যাগ দেওয়া বন্ধ না হলে প্রবাসীরা উৎসাহ হারাবেন।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু বলেন, গোলাম রসুল রাসেল সাবেক ছাত্রদল নেতা। তিনি যুক্তরাজ্য বিএনপি ও কমিউনিটি নেতা। তাকে হেনস্তার তীব্র নিন্দা জানাই। একটি মিথ্যা অভিযোগ তুলে তাকে সাজা দেওয়া অত্যন্ত দুঃখজনক। সোমবার তিনি মুক্তি পেয়েছেন। আমরা তাকে কারা ফটক থেকে নিয়ে এসেছি। এটি প্রবাসীদের উৎসাহিত করার বদলে নিরুৎসাহিত করার নামান্তর।

১২ ফেব্রুয়ারি ভোট দিতে গিয়ে গোপন কক্ষে আলোর স্বল্পতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওই উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা গোলাম রসুল রাসেল। তখন কথাকাটাকাটির একপর্যায়ে তাকে ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে ৫ দিনের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। সাজা শেষে সোমবার তিনি জেলা কারাগার থেকে মুক্তি পান।

কারা ফটকে তাকে নিতে আসেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান সেফু, উপজেলা বিএনপির সহ-সভাপতি বয়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মজিদুর রাহমান মজিদসহ অন্য নেতাকর্মীরা।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএন/এমএস