রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকায় পূর্বশত্রুতার জেরে জাহিদ ফকির (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিনোদপুর এলাকার একটি স্কুল মাঠের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম জাহিদ ফকির। সে বিনোদপুর এলাকায় মাহাতাব ফকিরের ছেলে।
নিহতের বড় ভাই মামুন ফকির জানায়, সকাল থেকে জাহিদ ফকির বাড়িতেই ছিল। দুপুরের দিকে বাড়ির পাশে স্কুল মাঠে যায় সে। সে সময় অজ্ঞাত ৪ থেকে ৫ যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরিবারের লোকজন চিৎকার শুনে জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রাসেল বলেন, খবর পেয়ে রাজবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা অব্যহত রয়েছে।
রুবেলুর রহমান/কেএইচকে/এমএস