বিএনপিতে যোগ দিয়েও রক্ষা হলো না, কৃষকলীগ নেতা গ্রেফতার
বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরের।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ইটাখোলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি কৃষকলীগের জেলা কমিটির সহ-সভাপতি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর নীলফামারী সদরের রামগঞ্জ বাজার এলাকায় সংঘটিত ‘রামগঞ্জ ট্র্যাজেডি’ হত্যাকাণ্ডে হেদায়েত আলী প্রত্যক্ষ সহযোগী ছিলেন বলে এজাহারে উল্লেখ রয়েছে। ওই ঘটনায় অসংখ্য নিরপরাধ মানুষকে আসামি করে বছরের পর বছর জেল, রিমান্ড ও নির্যাতনের শিকার হতে হয়। অনেকেই বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময়ে ছাত্র-জনতার ওপর হামলা, অগ্নিসংযোগ ও লুটতরাজের ঘটনায়ও তিনি সরাসরি জড়িত ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আন্দোলন চলাকালে জেলা শহরের বিভিন্ন বাসাবাড়ি, রাজনৈতিক কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক সহিংসতা চালানো হয়। সম্প্রতি তিনি বিএনপির রাজনীতিতে যোগ দেন।
নীলফামারীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমিরুল হক/এসআর/এএসএম