ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বাস্থ্যমন্ত্রী হলেন সরদার সাখাওয়াত, এলাকায় নেতাকর্মীদের উচ্ছ্বাস

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ১০:০৫ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলকে সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই খবরে তার নির্বাচনি এলাকায় বইছে আনন্দের জোয়ার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপরই দপ্তর বণ্টনের মাধ্যমে তার এই দায়িত্ব নিশ্চিত করা হয়।

মন্ত্রী হিসেবে নিয়োগের খবর ছড়িয়ে পড়তেই বেলাবো ও মনোহরদী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেন। এ উপলক্ষে নারায়ণপুর বাজার এলাকায় দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।

জানা যায়, সরদার সাখাওয়াত হোসেন বকুল বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম বলেন, জননেতা বকুল সরদার মন্ত্রী হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তার নেতৃত্বে বেলাবো–মনোহরদী অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে বলে আমরা আশাবাদী।

বেলাবো উপজেলা যুবদলের নেতা মো. মাসুদ মোল্লা বলেন, আমরা গর্বিত ও আনন্দিত। তার হাত ধরে স্বাস্থ্য খাতে একটি মাইলফলক রচিত হবে এটাই আমাদের প্রত্যাশা।

সঞ্জিত সাহা,নরসিংদী/কেএইচকে/এমএস