নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে পালালো যুবলীগ
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে স্লোগান দিয়ে একটি ব্যানার টাঙিয়ে পালিয়ে যান যুবলীগের কর্মীরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দুই নম্বর রেলগেট এলাকার আওয়ামী লীগ কার্যালয়ে এ ব্যানার টানানো হয়। সেই সঙ্গে তারা এক মিনিট স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়রা জানান, কয়েকজন স্থানীয় যুবলীগ কর্মী যারা মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের অনুসারী হিসেবে পরিচিত তারা এসে তড়িঘড়ি করে কার্যালয়ের সামনে ব্যানার টানার। এরপর তারা এক মিনিট স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। তবে তারা ব্যানার রেখে যান।
মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, এ বিষয় নিয়ে আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত নেই। আমরা এ বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিবে। এ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে নতুন সরকারকে বেকায়দায় ফেলার জন্য এসব কার্যক্রম চালাচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেওয়ার জোর দাবি করছি।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আমরা বিষয়টি অবগত রয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর এ পতনের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মী আত্মগোপনে চলে যান। আবার কেউ কেউ বিদেশে পাড়ি জমান। এ অবস্থায় একসময় নেতাকর্মীদের দ্বারা সবসময় জমজমাট থাকা শহরের দুই নম্বর রেলগেট এলাকার আওয়ামী লীগ কার্যালয়টি জনমানবহীন ভূতুড়ে ভবনে পরিণত হয়।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম