ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালী

আইনজীবী সমিতি নির্বাচনে সম্পাদকসহ ৯ পদে জয়ী আওয়ামী লীগ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ৯ পদে আওয়ামী প্যানেলের সদস্যরা জয়লাভ করেছেন। অন্যদের মধ্যে বিএনপির জাতীয়তাবাদী প্যানেলে সভাপতিসহ পাঁচ পদে এবং সদস্য পদে জামায়াতের একজন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৫ পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এজেডএম ফারুক ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে আওয়ামী লীগের সাদা প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মোশাররফ হোসেন মাসুদ। একই প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি পদে সহিদ হোসেন ও আশরাফুল ইসলাম মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন বাবুল, ট্রেজারার পদে জায়েদ হোসেন দিদার, আপ্যায়ন সম্পাদক পদে নুর হোসেন সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নিজাম উদ্দিন পলাশ এবং সদস্য পদে আদিল আমিন ও মোকাদ্দেস হাসান।

জাতীয়তাবাদী আইনজীবীদের নীল প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট এবিএম জাকারিয়া জয়লাভ করেছেন। একই প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে সফিক উল্লাহ সুমন, লাইব্রেরি সম্পাদক পদে সালেহ উদ্দিন এবং সদস্য পদে নুর আলম ও নেওয়াজ শরীফ শুভ জয়লাভ করেন।

জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সদস্য পদে ইমরান (সবুজ) নামের একজন নির্বাচিত হয়েছেন

নির্বাচনে ৬২৭ জন ভোটারের মধ্যে ৬১৩ জন ভোট দেন। এরমধ্যে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে তিনজনসহ ৪৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম