ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পৌরসভার ৭৫ লাখ টাকা আত্মসাৎ : হিসাবরক্ষক গ্রেফতার

প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১০ জুলাই ২০১৬

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার প্রশাসক ও সচিবের স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন উন্নয়ন তহবিল থেকে ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে হিসাবরক্ষক মাহবুবুল আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুপুরে কুমিল্লা জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে দুদকের একটি দল মহানগরীর কান্দিরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই হিসাবরক্ষক লক্ষ্মীপুর সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

দুদক ও দেবিদ্বার পৌরসভা সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌরসভার হিসাবরক্ষক বর্তমানে সাময়িক বরখাস্তকৃত মো. মাহবুবুল আলম (৪০) কর্মরত অবস্থায় ২০১৪ সালের ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে পৌরসভার প্রশাসক ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভার সচিবের স্বাক্ষর জাল করে পৌরসভার উন্নয়ন তহবিল ও রাজস্ব তহবিল থেকে ৬৪টি চেকের মাধ্যমে ৭৪ লাখ ৪২ হাজার ৫৪৭ টাকা দেবিদ্বার সোনালী ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন।

এর আগেও একটি চেকের মাধ্যমে পৌরসভার ব্যাংক হিসাব থেকে ৪৭ হাজার ৮০৭ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন তিনি।

এ ব্যাপারে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর ও চলতি বছরের ২ মে দেবিদ্বার পৌরসভার সচিব জহিরুল আলম সরদার বাদী হয়ে দেবিদ্বার থানায় পৃথক দুটি মামলা করেন। এ ঘটনায় গত বছরের ৩১ ডিসেম্বর এবং চলতি বছরের ২ মে পুলিশ তাকে গ্রেফতার করেছিল। বর্তমানে মামলা দুটি তদন্ত করছেন দুদক-কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

তিনি জানান, পৌর প্রশাসক ও সচিবের স্বাক্ষর জাল করে মোট ৭৪ লাখ ৯০ হাজার ৩৫৪ টাকা আত্মসাতের মামলায় অভিযুক্ত মো. মাহবুবুল আলমকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। আরো তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগে মুরাদনগর থানা পুলিশ চলতি বছরের ৮ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করেছিল। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদক আইনে মামলা রয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/এমএস