পঞ্চগড়ে টিসিবির তেলের কার্টনে পানির বোতল
পঞ্চগড়ে পবিত্র রমজান উপলক্ষে সরবরাহ করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের একটি চালানে তেলের বদলে পানির বোতল পাওয়া গেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বোদা উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সংলগ্ন এলএসডি গুদামে একটি ট্রাক থেকে পণ্য খালাসের সময় এই ঘটনা ধরা পড়ে।
কার্টন খুলে সয়াবিন তেলের বদলে কার্টনে ৯টি পানিভর্তি বোতল পাওয়া গেছে। ঘটনাটি জানাজানি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চালানটি গ্রহণ না করে ফেরত পাঠায়।
গুদাম কর্তৃপক্ষ জানায়, টিসিবির পণ্যবাহী ট্রাকটি দিনাজপুরের দশমাইল টিসিবি ডিপো থেকে বোদা উপজেলা এলএসডি গুদামে পণ্য সরবরাহের জন্য আসে। ট্রাক থেকে কার্টন নামানোর সময় শ্রমিকদের কাছে ওজন নিয়ে সন্দেহ হয়। পরে একটি কার্টন খুলে দেখা যায়, সেখানে ২ লিটার ধারণক্ষমতার ৯টি বোতল রয়েছে। এসব বোতলে সয়াবিন তেলের পরিবর্তে পানি ভর্তি ছিল।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে চালান ফেরতের পর দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইল টিসিবির গুদাম কর্মকর্তার অভিযোগের প্রেক্ষিতে ট্রাকচালক ময়নুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা করা হয়ে বলে জানা গেছে।
বোদা উপজেলা এলএসডি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী বলেন, সন্দেহের ভিত্তিতে একটি কার্টন খোলা হলে তেলের বদলে পানির বোতল পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখা হয় ও চালান ফেরতসহ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, ঘটনাটি যাচাই করে সংশ্লিষ্ট চালান গ্রহণ করা হয়নি। ট্রাকটি ফেরত পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সফিকুল আলম/এমএন/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দ্রব্যমূল্য যাতে না বাড়ে সরকার সে বিষয়ে সচেষ্ট: শামা ওবায়েদ
- ২ ভোট দেওয়ার জন্য নির্যাতনের শিকার হতে হলে পুরোনো ফ্যাসিবাদ ফিরবে
- ৩ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত
- ৪ সেন্টমার্টিনে কেয়াবন নিধন, রিসোর্ট মালিকসহ দু’জনের বিরুদ্ধে মামলা
- ৫ গৃহায়ন ও গণপূর্ত খাতে কোনো দুর্নীতি হবে না: গণপূর্ত মন্ত্রী