ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
ঝিনাইদহ শহরের পবহাটী কলারহাট এলাকায় ট্রাকের ধাক্কায় শাহরিয়ার রহমান শান্ত (৩১) ও টোটন মিয়া নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পবহাটি কলাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শাহরিয়ার রহমান শান্ত শহরের আরাপপুর গ্রামের মাহমুদ সড়কের শাহীন রহমানের ছেলে। টোটন শহরের ব্যাপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে।
আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, শুক্রবার রাত ১০টার দিকে ঝিনাইদহ পৌর শহরের পবহাটী কলাহাট এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় শান্ত ও টোটন নামে দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন৷ ওই সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর আগেই মোটরসাইকেল চালক শাহরিয়ার রহমান শান্ত মারা যান। গুরুতর আহত টোটন মিয়াকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে ঢাকায় পৌঁছানোর পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে টোটন মিয়া মারা যান।
ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তাপস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শান্ত নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত টিটোনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় রেফার্ড করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন।
আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। নিহত দুই যুবকের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে মরদেহ দাফন করা হবে।
এম শাহজাহান/এনএইচআর/এএসএম