ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে এমপি মানিক

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০২:৫১ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পালনের প্রথম দিনেই ব্যতিক্রমী উদ্যোগ নিলেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি আকস্মিকভাবে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শনে যান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি হাসপাতালে বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষ পরিদর্শনসহ চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়া তিনি হাসপাতালে পৌঁছে সরাসরি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এরপর হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান, পরিবেশনের পদ্ধতি ও সংরক্ষণ ব্যবস্থা খতিয়ে দেখেন। খাবারের গুণগত মান, পুষ্টিগুণ ও পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে কি না তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

হাসপাতালের টয়লেট, পানির ব্যবস্থা এবং সামগ্রিক স্যানিটেশন পরিস্থিতিও পরিদর্শন করেন এমপি মানিক। তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমানসহ চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে মতবিনিময়কালে হাসপাতালের সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট এবং রোগীদের ভোগান্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি জনগণের সেবা করার জন্য। হাসপাতাল এমন একটি জায়গা, যেখানে মানুষ সবচেয়ে অসহায় অবস্থায় আসে। এখানে কোনো ধরনের অব্যবস্থা বা অবহেলা গ্রহণযোগ্য নয়। রোগীদের জন্য মানসম্মত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ এবং মানবিক সেবা নিশ্চিত করতে হবে।

শরীফুল ইসলাম/এনএইচআর/এএসএম