ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে দেশের সর্বোচ্চ ১২০ ফুট উচ্চতার পতাকাস্তম্ভ উদ্বোধন

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে নবনির্মিত ফ্ল্যাগপোল (পতাকাস্তম্ভ) উদ্বোধন করা হয়েছে। ১২০ ফুট উচ্চতার এই স্তম্ভটি বর্তমানে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ হিসেবে বিবেচিত।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ‘চির উন্নত বিজয় নিশান’ নামের এই পতাকাস্তম্ভটি উদ্বোধন করেন।

একাডেমি প্রাঙ্গণে স্থাপিত সুউচ্চ স্তম্ভে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট এবং প্রস্থ ১৬.৮ ফুট।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত বাহিনী হিসেবে জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ বাহিনীর প্রায় ৫ লাখ ৭০ হাজার সদস্য নিয়োজিত ছিলেন, যা সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সর্বাধিক।

তিনি বলেন, আজ মহান ভাষা শহীদদের স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদ আব্দুল জব্বার এ বাহিনীর একজন গর্বিত প্লাটুন কমান্ডার ছিলেন। ভাষার মর্যাদা রক্ষায় তার মহান আত্মত্যাগ বাহিনীর প্রতিটি সদস্যের জন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ ও আত্মত্যাগে অনুপ্রাণিত হওয়ার পাথেয়।

গাজিপুরে দেশের সর্বোচ্চ ১২০ ফুট উচ্চতার পতাকাস্তম্ভ উদ্বোধন

তিনি উল্লেখ করেন, ‘চির উন্নত বিজয় নিশান’ আমাদের গৌরবময় ইতিহাস ও দায়িত্বশীল ভবিষ্যতের প্রতীক। এই পতাকা আমাদের প্রত্যেক সদস্যকে শপথ করাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত।

একাডেমি প্রাঙ্গণে স্থাপিত সুউচ্চস্তম্ভে উত্তোলিত পতাকার নাম ‘চির উন্নত বিজয় নিশান’। পতাকা-স্তম্ভটির উচ্চতা ১২০ ফুট, যা দেশের সর্বোচ্চ পতাকা স্তম্ভ হিসেবে বিবেচিত। এতে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট এবং প্রস্থ ১৬.৮ ফুট। ‘চির উন্নত বিজয় নিশান’ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মহান মুক্তিযুদ্ধের চিরন্তন প্রতীক হিসেবে জাতির গৌরবগাথা বহন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ও উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/কেএইচকে/এমএস