ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্যারিস্টার আরমান

দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে বিশ্ব দরবারে দেশ পিছিয়ে পড়েছে

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বড় অভাব হলো যোগ্য নেতৃত্বের। এ দেশের মানুষের মেধা ও সম্পদের কোনো কমতি নেই, কিন্তু দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে বিশ্ব দরবারে আমাদের দেশ পিছিয়ে পড়েছে। যোগ্যতাসম্পন্ন ও দ্বীনদার ব্যক্তিরা নেতৃত্বে এলে এই দেশ বিশ্বের সামনে একটি শক্তিশালী ও সম্পদশালী দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরের চালা আহমাদিয়া সুলতানিয়া শামসুল উলুম মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে মরহুম পিতার কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

আরমান বলেন, আমার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে বাবার শিক্ষা ও আদর্শ আমাকে পথ দেখিয়েছে। বাবার ফাঁসির আগে আমাকে গুম করে ‘আয়না ঘরে’ নিয়ে যাওয়া হয়েছিল। তখন আমি জানতে চেয়েছিলাম—আমার বাবার জানাজা কে পড়িয়েছেন, কোথায় দাফন করা হয়েছে। আমাকে কিছুই জানানো হয়নি।

তিনি বলেন, মহান আল্লাহ এখন আমাকে একটি দায়িত্ব দিয়েছেন। আমি কথা দিচ্ছি, আমার মতো আর কেউ যেন গুমের শিকার না হয়, সে ব্যবস্থা করবো।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও শুরা সদস্য মো. জাহিদুর রহমান, জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

মো. সজল আলী/কেএইচকে/এমএস