ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়লেন যুবক

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছেড়েছেন রাশেদ দাড়িয়া (৩৫) নামে এক যুবক। প্রায় ১০ লাখ টাকার ঋণের চাপে তিনি এখন হতাশায় ভুগছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, রাশেদ দুধ রাখা অ্যালুমিনিয়ামের একটি বড় পাত্রের মধ্যে বসে পড়েন। এরপর তার মা একটি মগ দিয়ে রাশেদের মাথায় দুধ ঢালেন। এ দৃশ্য রাশেদ তার মোবাইল ফোনে ধারণ করে নিজের ফেসবুকে পোস্ট করার পর ভাইরাল হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, রাশেদ দাড়িয়া কোটালীপাড়া পৌরসভার ঘাঘর কান্দা গ্রামের হাচেন দাড়িয়ার ছেলে। শুক্রবার রাশেদ নিজ বাড়িতে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুমার নামাজ পড়তে গিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

তিনি বলেন, আমি ২ বছর ধরে অনলাইনে জুয়া খেলি। জুয়া খেলায় এ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার দেনা হয়েছি। এই দেনার কারণে দীর্ঘদিন ধরে নানা ধরনের হতাশায় ভুগছিলাম। তারপর পরিবারের লোকজনের পরামর্শে আমি কাজের জন্য কয়েকদিনের মধ্যে সৌদি আরবে যাচ্ছি। তাই যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিলাম।

রাশেদ আরও বলেন, আমি সকল যুবক ভাইদের অনুরোধ করবো আপনারা এই সর্বনাশা জুয়া কেউ খেলবেন না। জুয়া খেলায় কেউই লাভবান হতে পারে না। সবাই ধ্বংস হয়। আপনারা যারা জুয়া খেলেন তারা এ পথ থেকে ফিরে আসুন।

রাশেদের জুয়া খেলা থেকে ফিরে আসার ঘটনাকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

রাশেদের পাশের বাড়ির জলিল গাজী বলেন, রাশেদ জুয়া খেলে ধার দেনা হয়ে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন। এখন জুয়া ছেড়ে দিয়ে সৌদি যাচ্ছে। আমরা তার মঙ্গল কামনা করছি।

এমএন/এমএস