ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শহীদ মিনারে ইউএনওকে শাসালেন বিএনপি নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

নীলফামারীর জলঢাকায় শহীদ মিনারে ফুল দেওয়ার পর বক্তব্য দিতে না দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিনকে শাসানোর অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে জলঢাকা শহীদ মিনারে এ ঘটনা ঘটে। শনিবার বিকেলে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, শহীদ মিনারে ফুল দেওয়া শেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেখানে উপস্থিত রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ নীরবতা পালনের প্রস্তুতি নিচ্ছিলেন।

এসময় বিএনপির কয়েকজন নেতা সেখানে বক্তব্য দিতে চাইলে ইউএনও বক্তব্য দিতে নিষেধ করেন।

পরে সেখানে উপস্থিত স্বেচ্ছাসেবক দলের পৌর কমিটির সাবেক যুগ্ম-আহ্বায়ক আবু তোরাব আহমেদ ইমন বলেন, এখানে বিএনপির সাবেক সভাপতি দাঁড়িয়েছে বক্তব্য দিতে দেওয়া হয়নি। এটা ছাব্বিশের বাংলাদেশ। এখন তারেক রহমান প্রধানমন্ত্রী দেশের।

এসময় ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন শান্ত করার চেষ্টা করেন। বিএনপি নেতাকর্মীরদের উদ্দেশ্যে তিনি বলেন, এখানে আলোচনা সভার কিছু নাই। যে কর্মসূচি গৃহীত হয়েছে সেটা আলোচনা করে করা হয়েছে। এককভাবে উপজেলা প্রশাসন গ্রহণ করেনি। আমরা প্রস্তুতিমূলক সভা করে সবাইকে মিলে এ কর্মসূচি নিয়েছি। বলা আছে শহীদ মিনারে ফুল দেওয়া, নীরবতা পালন ও দোয়া হবে। এখানে কোনো ধরনের বক্তব্যের কিছু নেই। আলোচনা সভা কাল হবে। সেখানে আপনারা যারা উপস্থিত থাকবেন তারা বক্তব্য দেবেন।

এ ব্যাপারে বক্তব্য জানতে চাইলে জলঢাকা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, এটা তেমন কোনো ঘটনা না। অনেকে মনে করেছিল আমরা বক্তব্য দেওয়ার সুযোগ পেলাম না। পরে এটা বিএনপি নেতাকর্মীদের একটু মন খারাপ ছিল, এটা নিয়ে হট্টগোল হয়েছে। তবে বিষয়টি বুঝিয়ে বলার পর সমাধান হয়েছে।

আমিরুল হক/এমএন/এমএস