রমজানে অতিরিক্ত মুনাফা না করার আহ্বান নারায়ণগঞ্জ চেম্বার সভাপতির
মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া
নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেছেন, আমরা সারাবছরই ব্যবসা করি। রোজার মাসে যেভাবে মানুষের সহযোগিতা হয় সেদিকে খেয়াল রাখবো। সবাই মিলে চেষ্টা করবো রোজার মাসে যেন অতিরিক্ত ব্যবসা (মুনাফা) না করি। আমাদের দ্বারা মানুষ যেন সেবা পায়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেন, ‘নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে একটি মনিটরিং সেল করা হয়েছে। আমরা একটি হটলাইন নম্বর দিয়েছি। কোনো ব্যবসায়ী যদি মূল্য তালিকার চেয়ে বেশি রাখেন, আমাদের জানাবেন; আমরা সম্মিলিতভাবে ব্যবস্থা নেবো।’
তিনি আরও বলেন, “যানজট, হকার সমস্যা নিরসন, ছিনতাই প্রতিরোধসহ আইনশৃঙ্খলা উন্নয়নে নির্বাচিত সংসদ সদস্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসন, ব্যবসায়ীরা মিলে সমন্বিত কাজ করবো। বিগত দিনের ন্যায় এ বছরও ব্যাপকভাবে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পবিত্র রমজানে উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে আমরা ১০০ জন ভলান্টিয়ার নিয়োগ দিয়েছি। আমরা নারায়ণগঞ্জকে উন্নয়ন করতে চাই। নারায়ণগঞ্জকে ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডের জেলায় উন্নীত করতে চাই।”
এসময় এফবিসিসিআইয়ের নেতা প্রবীর কুমার সাহা, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, বিকেএমইএর সহসভাপতি রাশেদুজ্জামান, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনু, গোলাম সারোয়ার সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম