ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আসাদুজ্জামান আইনমন্ত্রী হওয়ায় ঝিনাইদহে দুস্থদের মাঝে ইফতার বিতরণ

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার খুশিতে ঝিনাইদহে দুস্থদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ নাগরিক সমাজের ব্যানারে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জেলা শহরের পায়রা চত্বর ও আরাপপুর মোড়ে পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এসএম মশিউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান সুজন, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক দবির উদ্দিন, যুবদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম আনন, সমাজসেবক জাহাঙ্গীর কবির তুহিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহিনুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ।

ইফতার বিতরণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক মঙ্গল কামনায় দোয়া করেন উপস্থিত নেতাকর্মীরা। একইসঙ্গে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আইনমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় সরকারের প্রতি ঝিনাইদহের নাগরিক সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

দোয়া ও ইফতার বিতরণ শেষে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস বলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঝিনাইদহবাসীর জন্য গর্ব। আমরা বিশ্বাস করি, আইনমন্ত্রী হিসেবেও তিনি অত্যন্ত সফল হবেন।

এম শাহজাহান/এসআর/এএসএম