সাতক্ষীরায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
সাতক্ষীরার কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বড় ভাই রুহুল আমিন (৩৪)। এ ঘটনায় একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহত দুই ভাই ওই গ্রামের ছলেমান শেখের ছেলে।
আটকরা হলেন, কেরালকাতা ইউনিয়নের বেরবাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), আরিফুলের পিতা মৃত আবুবক্কার গাজীর ছেলে জামাল উদ্দিন (৬২), তার স্ত্রী শাহানারা খাতুন (৫৫)।
নিহত ইব্রাহিম পেশায় ভ্যানচালক। তিনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
ইব্রাহিমের স্ত্রী মেঘলা খাতুন জানান, বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে কথা বাগবিতণ্ডার একপর্যায়ে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম তার স্বামী ইব্রাহিম ও ভাসুর রুহুল আমিনকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বামীকে কলারোয়া হাসপাতালে নিয়ে আসি। ভাসুরকে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কলারোয়া হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাক্তার ফারজানা রহমান জানান, বেলা সাড়ে তিনটার দিকে ইব্রাহিম হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল নিয়ে আসার আগে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নিয়ে আসে মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম