সেবার মান বাড়াতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী
সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী
তৃণমূলে স্বাস্থ্যসেবার মান বাড়াতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. এম এ মুহিত বলেন, ‘গত ১৬ বছরে স্বাস্থ্যখাতে নানা অনিয়ম ও দুর্নীতি হয়েছে। আমরা মাত্র দুই সপ্তাহ হলো দায়িত্ব নিয়েছি। জনগণের স্বাস্থ্যসেবার প্রত্যাশা পূরণে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। তৃণমূলে সেবা পৌঁছে দিতে শুধু নতুন করে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগই নয়, তাদের উন্নত প্রশিক্ষণ ও কর্মস্থলে নিয়মিত থাকার ব্যবস্থা করা হবে। হাসপাতালগুলোতে চিকিৎসক, যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ বাড়ানো হবে।’
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দীর্ঘ ১৬ বছর দুর্নীতিতে নিমজ্জিত ছিলাম। এদেশ থেকে লক্ষ কোটি টাকার সম্পদ পাচার হয়ে গেছে। এ অবস্থা থেকে বের হতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। আমরা প্রত্যেক নাগরিকের এই অধিকার আদায়ের জন্য কাজ করে যাবো।’
সরকারিভাবে জলাতঙ্কের টিকা হাসপাতালে থাকার কথা থাকলেও বর্তমানে পাওয়া যাচ্ছে না—এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এটি শুধু সিরাজগঞ্জের সমস্যা না, সারাদেশেই এ সমস্যা রয়েছে। আমরা এরইমধ্যে সমন্বয় বৈঠক করেছি। দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
হাসপাতাল পরিদর্শনের আগে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ একেএম শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ডা. এম এ মুহিত।
এসময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন ডা. নুরুল আমীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার মনি ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শিমুল তালুকদার উপস্থিত ছিলেন।
এম এ মালেক/এসআর/এএসএম