সাগরে ডাকাতদের গুলিতে জেলে নিহত
নিহত শাহাদত হোসেন
কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে ডাকাতিতে ব্যর্থ হয়ে ট্রলার লক্ষ্য করে ছোড়া গুলিতে শাহাদত হোসেন (১৭) নামের এক জেলে নিহত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কুতুবদিয়ার পশ্চিম সাগরে ডাকাতদের হামলার শিকার হন জেলেরা। এসময় গুলিবিদ্ধ শাহাদতকে রাতে কুতুবদিয়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহাদত হোসেন কুতুবদিয়ার উত্তর ধুরুং মনছুর আলী হাজির পাড়ার মৃত মো. বাদশার ছেলে।
ফিশিং বোটের মালিক নাছির উদ্দিন জানান, তার ভাই জসীম উদ্দিনের মালিকানাধীন ফিশিং বোটে করে মাঝি-মাল্লাসহ ২০ জন সাগরে মাছ ধরতে যান। বুধবার দুপুর ২টার দিকে ডাকাতদের কবলে পড়েন তারা। এসময় ডাকাতদল বোটে উঠতে না পেরে গুলি ছোড়ে। গুলিতে শাহাদত মারাত্মক আহত হয়। রাত সাড়ে ১১টার দিকে উপকূলে বোট ফেরত এলে তাকে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হয়।
এসময় হাসপাতালের চিকিৎসক শাহাদতকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সায়ীদ আলমগীর/এসআর/এএসএম