ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে অজানা আগুনে পুড়লো পার্কিং করা তিন বাস

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৮:৪০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অজানা অগ্নিকাণ্ডে তিনটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মুন্সিরহাট বাজার এলাকায় পার্কিং করে রাখা বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী জৈনপুর এক্সপ্রেস পরিবহনের বাসে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাজার সংলগ্ন নির্ধারিত স্থানে বাসগুলো পার্কিং করা ছিল। হঠাৎ করে একটি বাসে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও দুইটি বাসে ছড়িয়ে পড়ে। এতে একটি বাস সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং অপর দুইটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

তবে সৌভাগ্যক্রমে বাসগুলোতে কোনো যাত্রী বা চালক-সহকারী না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখে স্থানীয়রা দ্রুত ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং ফায়ার সার্ভিসে খবর দেন।

চাঁদপুরে অজানা আগুনে পুড়লো পার্কিং করা তিন বাস

খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সহকারী কর্মকর্তা আবু ইউসুফ জানান, জৈনপুর এক্সপ্রেসের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন করা হবে।

শরীফুল ইসলাম/এফএ/এএসএম