উপ-নির্বাচন
বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াত প্রার্থী
বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আবিদুর রহমান সোহেল জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর শাখার আমিরের দায়িত্বে রয়েছেন। মনোনয়নপত্র সংগ্রহের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আবদুল মালেক, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহীন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আবদুস ছালাম তুহিন, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন এবং ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোয়নপত্র উত্তোলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবিদুর রহমান সোহেল ভোটারদের বারবার উপ নির্বাচনের মুখে পড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, বগুড়া সদরের ভোটারদের দুর্ভাগ্য যে তারা প্রতিটি নির্বাচনে যাকে বিজয়ী করেন, তিনি পরে আসনটি ছেড়ে দেন। ফলে সাধারণ মানুষকে বারবার ভোটের বিড়ম্বনায় পড়তে হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। নিজেদের সন্তান ভেবে যাকে নির্বাচিত করা হয়েছিল, তিনিও পদত্যাগ করেছেন।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে জামায়াতের এ প্রার্থী আরও বলেন, আসন্ন উপ-নির্বাচনে ভোটাররা যেন কোনো নির্দিষ্ট মার্কা বা দলীয় পরিচয় না দেখে কেবল সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন।
বগুড়া-৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য ছেড়ে দেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এলবি/আরএইচ/এমএস