ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খালেদাকে জিজ্ঞাসাবাদ করলেই গুলশান হত্যাকাণ্ডের তথ্য মিলবে

প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১২ জুলাই ২০১৬

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করলেই গুলশান হলি আর্টিসান রেস্টুরেন্টের হত্যাকাণ্ডের তথ্য মিলবে।

মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে ১৪ দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক বড় বড় সমস্যার সমাধান হয়েছে। ইনশাআল্লাহ দেশে চলমান জঙ্গিবাদের সমস্যার সমাধানও হবে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই।

প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনে বিএনপি-জামায়াত বিভিন্ন ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন তারা জঙ্গিদের মদদ দিচ্ছে। এবারো তারা সফল হবে না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল, যারা তৃণমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করতে জানে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিরোধের ক্ষমতা রাখে।       
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ প্রমুখ।

আব্দুর রহমান আরমান/এআরএ/এবিএস