প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় যুবলীগ নেতা
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ফেনীর যুবলীগ নেতা ইয়াছিন শরীফ মজুমদার। সোমাবার (২ মার্চ) বেলা ১১টার দিকে পৌরসভার পূর্ব অনন্তপুর ছয়ঘরিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে তাকে আনা হয়।
ইয়াছিন শরীফ পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক। গত বছরের ৩০ জুলাই রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকা তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেফতার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ইয়াছিন শরীফ মজুমদারের বাবা রফিকুল ইসলাম মজুমদার পরশুরামের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। বাবাকে একনজর শেষ দেখা ও জানাজায় অংশ নিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। পরে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য ইয়াছিন শরীফ মজুমদারের প্যারোলে মুক্তি মেলে। এরপর পুলিশ পাহারায় এই যুবলীগ নেতা জানাজায় অংশ নিয়ে বাবার রূহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চান।জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
ইয়াছিন শরীফ মজুমদার পরশুরাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের ভাতিজা ও বড় মেয়ের জামাতা। এ ছাড়াও দীর্ঘ সময় ধরে তিনি পরশুরাম বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নিষিদ্ধ সংগঠন পরশুরাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্বেও ছিলেন।
পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, বাবার জানাজা ও দাফনে অংশ নিতে যুবলীগ লীগ নেতা ইয়াছিন শরীফ মজুমদার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। দাফন শেষে পুলিশ পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে/এমএস