ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাবা হারালেন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ১০:৪০ এএম, ০৫ মার্চ ২০২৬

আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবা আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন। বুধবার (৪ মার্চ) ইফতারের আগে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সন্ধ্যায় তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার বাবা জনাব আব্দুল লতিফ আজ ইফতারের আগে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে আব্দুল লতিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমজনতার দলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পর্কে তারেক রহমানের চাচা রেজাউল করিম জানিয়েছেন, বৃহস্পতিবার (৫ মার্চ) দুই দফা জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে। প্রথম জানাজা অনুষ্ঠিত হবে তার আদি বাড়ি বগুড়ার সাবগ্রাম ইউনিয়নের চান্দপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে। এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর বগুড়া শহরের লতিফপুর এলাকার শাহসুলতান কলেজ প্রাঙ্গণে। জানাজা শেষে লতিফপুর কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

এফএ/এমএস