বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলার কসবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেসের সঙ্গে বরিশালগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়।
তিনি আরও জানান, নিহত মাইক্রোবাসের চালকের নাম মো. রিপন। তিনি বরিশাল নগরীর বাসিন্দা। অপরজনের নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শাওন খান/কেএইচকে/জেআইএম