ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিকাশ কর্মীকে গুলি করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ১০:৩৪ এএম, ১৩ জুলাই ২০১৬

গাজীপুর মহানগরীর কাশিমপুর কাঁঠালতলা এলাকায় এক বিকাশ কর্মীকে গুলি করে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বিকাশ কর্মীর নাম সেলিম মুন্সি (৩২)।

সেলিম মুন্সি বরিশালের বাকেরগঞ্জ থানার কাটিদিয়া গ্রামের মো. মহিউদ্দিন মুন্সির ছেলে। তিনি গাজীপুর শহরের শিমুলতলী এলাকায় বাসা ভাড়া নিয়ে বিকাশে চাকরি করতেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন অর রশিদ জানান, দুপুর ১২টার দিকে সেলিম হোসেন বিকাশের টাকা উত্তোলন করে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এসময় কাশিমপুর কাঁঠালতলা এলাকার ডিবিএল কারখানার কাছে এসে পৌঁছলে দুটি মোটরসাইকেল যোগে চার দুর্বৃত্ত সেলিম হোসেনের দুই পায়ে গুলি করে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। দুর্বৃত্তরা এসময় ৩/৪ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

পরে এলাকাবাসী গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আমিনুল ইসলাম/এআরএ/এবিএস