সংবাদ সম্মেলনে পরিবার
হাদি হত্যায় জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে হবে
ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদ শরিফ ওসমান হাদির পরিবারের সদস্যরা/ছবি-জাগো নিউজ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রায় তিন মাস পেরিয়ে গেলেও এখনো আদালতে গ্রহণযোগ্য অভিযোগপত্র জমা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। একইসঙ্গে ভারতে গ্রেফতার হওয়া শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে দ্রুত দেশে ফিরিয়ে এনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
সোমবার (৯ মার্চ) দুপুরে ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিহতের বোন মাসুমা হাদি এসব দাবি জানান।
তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে গুলির ঘটনার পর কীভাবে শুটার ফয়সাল ও তার সহযোগী আলমগীর দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেন, সেটি এখনো রহস্যজনক।
পরিবারের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় দ্রুত আসামিদের দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা, অর্থের জোগানদাতা এবং আসামিদের পালিয়ে যেতে সহায়তাকারীদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আন্তর্জাতিকভাবে স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে দ্রুত অভিযোগপত্র জমা দেওয়া উচিত।
হাদির পরিবারের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, দায়সারা কোনো অভিযোগপত্র দেওয়া হলে তা পরিবার ও সাধারণ মানুষ প্রত্যাখ্যান করবে। বিচার প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা করা হলে দেশের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।
মো. আমিন হোসেন/এসআর/এএসএম