লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
শেরপুর সদর উপজেলায় লাইসেন্স ছাড়া পশু খাদ্য বিক্রয়ের দায়ে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ইমামবাড়ী চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ইমামবাড়ী চৌরাস্তা এলাকায় লাইসেন্সবিহীন পশুখাদ্য বিক্রয় করে আসছে আপন এন্টারপ্রাইজ। এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে অভিযুক্ত ব্যবসায়ী তোফায়েল আহমেদ গামাকে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর ৪ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি। এসময় প্রসিকিউশন করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ কান্তি দত্ত।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ কান্তি দত্ত বলেন, শেরপুরের হাট বাজারগুলোতে লাইসেন্সবিহীন বহু ফার্মেসি গড়ে উঠেছে। সেগুলোতে ক্ষতিকারক প্রাণী খাদ্য ও ওষুধ বিক্রি হচ্ছে। প্রান্তিক অঞ্চলের কৃষক ও খামারিরা এসব দোকানে গিয়ে প্রতারিত হচ্ছেন। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এমন অভিযান অব্যাহত থাকবে।
মো. নাঈম ইসলাম/এনএইচআর/এমএস