উল্টে গেলো কাভার্ডভ্যান, পলিথিন-বালতি-পাত্রে তেল নিলো স্থানীয়রা
টাঙ্গাইলের মির্জাপুরে তেলবাহী কাভার্ডভ্যান উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর তেলের ট্যাংক থেকে রাস্তায় পড়তে থাকা ডিজেল বালতি, পলিথিন ও ডিশ দিয়ে সংগ্রহ করে নিয়ে যান স্থানীয়রা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের শুভুল্যা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার সকালে উত্তরাঞ্চলগামী সিরাজুল মটরস নামের একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়। এ ঘটনায় গাড়িটির সামনের অংশ মহাসড়ক বিভাজকের ওপর উঠে যায় ও সামনের দিক দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার সময় কাভার্ড ভ্যানটির তেলের ট্যাংক মুচড়ে গিয়ে এক পাশে ছিদ্র হয়ে যায়। সেখান থেকে ডিজেল সড়কে পড়তে থাকে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। তাদের মধ্যে কয়েকজন তেলের ট্যাংক থেকে ঝরতে থাকা ডিজেল বালতি, পলিথিন ও বিভিন্ন পাত্রে সংগ্রহ করে নিয়ে যান।
দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশ দিয়ে উত্তরাঞ্চলগামী যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। পরে যানবাহন সার্ভিস লেন দিয়ে চলাচল করলেও শুভুল্যা থেকে ইচাইল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারওয়ার বরেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি সরানো হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আব্দুল্লাহ আল নোমান/এমএন/এমএস